
রায়হানুল ইসলাম, বগুড়া সদর
মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। নি হ ত শিক্ষকের নাম আশরাফ আলী (৫৫)। তিনি বগুড়া সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের চক-হবিবরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
শনিবার রাত সাড়ে ৮টায় তিনি শিবগঞ্জ নাগরজানি বন্দর থেকে মোটরসাইকেল যোগে বাড়ি যাওয়ার পথে লালদহ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। তিনি উপজেলার আটমূল ইউনিয়নের কুড়াহার গ্রামের মৃত আজিজার রহমানের পুত্র।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত প্রধান শিক্ষক রাতে তার ব্যক্তিগত মোটরসাইকেল চালিয়ে বাড়ী যাচ্ছিলেন। পথিমধ্যে লালদহ একটি বাঁকে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ও অনিয়ন্ত্রিত আলুবাহী ট্রাক তার মোটরসাইকেলটিকে সরাসরি ধাক্কা দেয়। ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়লে ঘাতক ট্রাকের পেছনের চাকা তার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃ ত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেপরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান সংবাদ মাধ্যমকে জানান, ”দুর্ঘটনার পরপরই চালক ট্রাকটি ফেলে পালিয়ে গেলেও আমরা ঘাতক ট্রাকটি জব্দ করতে সক্ষম হয়েছি। এ বিষয়ে একটি সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পলাতক চালককে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।”
প্রধান শিক্ষকের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে তাঁর পরিবার, সহকর্মী এবং বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা শোক প্রকাশ করে বলেন, “তিনি একজন আদর্শ শিক্ষক ও অত্যন্ত সজ্জন ব্যক্তি ছিলেন। তাঁর এই শূন্যতা কখনো পূরণ হবার নয়। আমরা এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী ট্রাক চালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
নিহতের পরিবারে বর্তমানে চলছে শোকের মাতম। স্থানীয় প্রশাসন নিহতের পরিবারকে সব ধরনের আইনি ও প্রশাসনিক সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু