হোম » সারাদেশ » বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ব্র্যাক কর্মকর্তাসহ কন্যাশিশু নিহত, স্ত্রী আশঙ্কাজনক

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ব্র্যাক কর্মকর্তাসহ কন্যাশিশু নিহত, স্ত্রী আশঙ্কাজনক

‎এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়া-ঢাকা মহাসড়কে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও তার শিশুকন্যা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের স্ত্রী। সোমবার (২৫ মে ২০২৬) সকাল সাড়ে ৭টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

‎হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বগুড়া থেকে ঢাকাগামী লেনে পর্যটন মোটেলের বিপরীত পাশে বনানী এলাকায় একটি অজ্ঞাতনামা দ্রুতগতির গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মহিমাগঞ্জ ও রংপুরে কর্মরত ব্র্যাক এনজিও’র সিও মোঃ আনিসুর রহমান (৩৫) এবং তার চার বছর বয়সী কন্যা আয়েশা নিহত হন।

‎দুর্ঘটনায় গুরুতর আহত হন আনিসুর রহমানের স্ত্রী মোছাঃ পুষ্পা আক্তার। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

‎নিহত আনিসুর রহমান পাবনা জেলার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের গোপালপুর গ্রামের মোঃ এরশাদ আলীর ছেলে।

‎ঘটনার পর হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করেছে। দুর্ঘটনায় জড়িত অজ্ঞাতনামা গাড়িটিকে শনাক্তে কাজ করছে পুলিশ। স্থানীয়দের মাঝে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!