হোম » সারাদেশ » সরিষাবাড়ীতে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ

সরিষাবাড়ীতে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জামালপুরের সরিষাবাড়ীতে ২০২৫-২০২৬ অর্থবছরে ঈদ-উল-আজহা উপলক্ষে দুঃস্থ ও অতিদরিদ্র পরিবারের জন্য ভিজিএফ কর্মসূচীর আওতায় ৩৭৬০৭ জন উপকারভোগীর জন্য ৩৭৬.০৭ মেঃটন চাল বরাদ্ধ দেয়। রোববার (২৪ মে) সকালে উপজেলার সাতপোয়া ইউনিয়নে উপকারভোগীদের চাল বিতরণ শুরু হয়। ইউনিয়নে ৫১৮৯জন উপকারভোগীকে (জন প্রতি ১০ কেজি করে) চাল বিতরণ করার কথা থাকলেও ওজনে কম দেয়াসহ অনিয়মের অভিযোগ উঠেছে। রৌহা গ্রামের মজিবর রহমান, ছাতারিয়া গ্রামের আছিয়া বেগম, চর সরিষাবাড়ীর আম্বিয়া বেগমসহ অনেক নারী পুরুষ ১০ কেজি চালের মধ্যে ২কেজি কম দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন। এ ছাড়াও সকাল সাড়ে ১১টায় ইউনিয়ন পরিষদে বিতরণ লাইনে দুঃস্থ ও অতিদরিদ্র পরিবারের কার্ডধারীদের তেমন উপস্থিতি দেখা যায়নি বলে নজরুল ইসলাম, ফয়েজ মিয়া, রেজিয়াসহ কয়েকজন নিশ্চিত করেন। একই চিত্র দেখাগেছে আওনা ইউনিয়ন পরিষদে। সেখানে ৪৫০৫ জন উপকারভোগীর মাঝে চাল বিতরণ করার কথা। কার্ডধারীদের অনুপস্থিতির বিষয়টি এলাকায় আলোচনার জন্ম দিয়েছে। এ ছাড়াও পিংনা ইউনিয়নে গত শনিবার ভিজিএফ কর্মসূচীর আওতায় ৪১৭২ জন উপকারভোগীর মাঝে চাল বিতরণের সময় কার্ডধারীদের উপস্থিতি তেমন চোখে পড়েনি। বিষয়টি স্থানীয় শাজাহান মিয়া, রেবেকাসহ বেশ কয়েকজন হতাশা ব্যাক্ত করেন।

পিংনা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ নজরুল ইসলাম বলেন, চাল বিতরণের কার্ড হাতে পাই নাই। তা ছাড়া আমি জন্ম নিবন্ধন, চারিত্রিক সনদ স্বাক্ষর ছাড়া আর কোন কিছুতে জড়াইনা। সিস্টেম মতই সব চলতেছে বলে তিনি জানান।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শওকত জামিল বলেন, এ বিষয়ে আমাকে কেউ অভিযোগ করেনি। অনিয়মের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা বলেন, বিষয়টি দেখে আমরা অসহায় অতিদরিদ্রদের মধ্যে বিতরণের ব্যবস্থা নিব।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!