
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিশুদের মাঝে ভালোবাসার উপহার বক্স বিতরণ করা হয়েছে। শনিবার (২৩ মে) সকালে উপজেলার গাওলা ইউনিয়নের দিগঙ্গা গ্রামে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অপারেশন জেনারেশন, ঢাকার সহযোগিতায় এবং দি ব্রেড বাংলাদেশ (চার্চ), মোল্লাহাটের আয়োজনে শিশুদের মাঝে আনুষ্ঠানিকভাবে উপহার বক্স বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লাহাট উপজেলা নির্বাহী অফিসার সুমনা আইরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। তারা উপকারভোগী শিশু ও অভিভাবকদের উদ্দেশ্যে পরামর্শমূলক বক্তব্য দেন এবং উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
দি ব্রেড বাংলাদেশ-এর পরিচালক ধ্রুব বনিক জানান, মোল্লাহাট উপজেলার বিভিন্ন এলাকায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে পর্যায়ক্রমে ভালোবাসার গিফ্ট বক্স বিতরণ করা হবে। আকর্ষণীয় উপহার সামগ্রী পেয়ে শিশুরা আনন্দ প্রকাশ করে এবং অভিভাবকরাও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সুমনা আইরিন বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও বিনোদনের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, এমন আয়োজন শিশুদের মাঝে আত্মবিশ্বাস ও আনন্দ ছড়িয়ে দেয়, যা তাদের ভবিষ্যৎ গঠনে ইতিবাচক ভূমিকা রাখে।
এসময় স্থানীয় জনপ্রতিনিধি ভজন সমাদ্দার, প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্য, সুধীজন, শিশু শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২