
মোঃ মনির হোসেন সোহেল, চাটখিল প্রতিনিধিঃ
গ্রাহকদের দোরগোড়ায় আধুনিক, মানসম্মত এবং নান্দনিক আসবাবপত্র পৌঁছে দেওয়ার লক্ষ্যে নোয়াখালীর চাটখিলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হলো দেশের জনপ্রিয় ব্র্যান্ড ‘পারটেক্স ফার্নিচার’-এর নতুন শোরুম।
শনিবার বিকাল সাড়ে ৪ টায় আলিয়া মাদ্রাসা রোডে আকসা ডোর এন্ড ফার্নিচার শোরুমে ফিতা ও কেক কেটে নতুন শোরুমটির শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পারটেক্স ফার্নিচারের অ্যাডভাইজার কে এম আলী। এ সময় আরও উপস্থিত ছিলেন ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আশফাক রাকিব হাসান, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার ফখরুদ্দীন আহমেদ, আকসা ডোর এন্ড ফার্নিচার ডিলার তৌফিকুল আলম তুহিনসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।"
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, "পারটেক্স ফার্নিচার দীর্ঘ দিন ধরে বাংলাদেশে আসবাবপত্র শিল্পে গুণগত মান ও আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে।
চাটখিলে নতুন এই শোরুম চালুর ফলে স্থানীয় ক্রেতারা এখন হাতের কাছেই সাশ্রয়ী মূল্যে আন্তর্জাতিক মানের আধুনিক ও বৈচিত্র্যময় ডিজাইনের ফার্নিচার কেনার সুযোগ পাবেন। ফলে তাদের কষ্ট করে দূর-দূরান্তে যেতে হবে না।"
শোরুমের স্বত্বাধিকারী জানান, নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে চাটখিলবাসীর জন্য বিশেষ ছাড় ও আকর্ষণীয় অফার রাখা হয়েছে।
উদ্বোধন শেষে অতিথিরা শোরুমের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। নতুন এই শোরুমে হোম ও অফিস ফার্নিচারের বিশাল সংগ্রহ রয়েছে, যার মধ্যে খাট, সোফা সেট, ডাইনিং টেবিল, আলমারি, ড্রেসিং টেবিলসহ নান্দনিক ডিজাইনের সব আসবাবপত্র স্থান পেয়েছে। উদ্বোধনের প্রথম দিনেই শোরুমটিতে ক্রেতা ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।