প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ৪:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৩, ২০২৬, ৮:১৯ পি.এম
ঈদ সামনে রেখে মোল্লাহাটে প্রশাসনের কড়া বার্তা: মাদক-সন্ত্রাস দমনে জোরদার নজরদারি

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন। তিনি ঈদকে কেন্দ্র করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের নেওয়া বিভিন্ন প্রস্তুতির কথা তুলে ধরেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সকলকে আরও সতর্ক থাকার আহ্বান জানান।
সভায় উপজেলার সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং প্রশাসনের কার্যকর পদক্ষেপের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব।
সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মোছা. সাদিয়া সুলতানা, এসআই মঞ্জির হক, সার্জেন্ট শিশির চন্দ্র দাস, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলী, মৎস্য কর্মকর্তা রাজিব রায়, মেডিকেল অফিসার ডা. ইভা সুলতানা, পল্লী বিদ্যুৎ ডিজিএম বিশুদ্ধানন্দ পুরব্রাহ্মণ, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আকতার, শিক্ষা কর্মকর্তা মো. মফিজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুন আল রশীদ, সাবেক আহ্বায়ক শিকদার জামাল উদ্দিন, জামায়াতের সহকারী সেক্রেটারি এস এম নাসির উদ্দিন, এনসিপির সংগঠক ইব্রাহিম ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এছাড়াও মোল্লাহাট প্রেসক্লাব-এর সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোহন ও সাংগঠনিক সম্পাদক মো: শরিফুল ইসলাম দিদার সভায় অংশ নেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.