রবিউল হাসান লায়ন, জামালপুর
বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ১৮ পরিবারের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার (২৩ মে) শহরের সরদারপাড়ায় জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রত্যেক শহীদ পরিবারের হাতে ঈদ উপহারসহ নগদ ১০ হাজার টাকা তুলে দেওয়া হয়।
জেলা আমির মাওলানা মুহাম্মাদ আব্দুস সাত্তারের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আওয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নুরুল হক জামালী, ছাত্রশিবির জেলা সভাপতি আসাদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি অধ্যক্ষ সুলতান মাহমুদ, অ্যাডভোকেট ছামিউল হক, পেশাজীবী বিভাগের সেক্রেটারি প্রফেসর এবিএম জুলফিকার আলী, অফিস সেক্রেটারি রশিজ্জামান, উলামা বিভাগের সেক্রেটারি মাওলানা কুদরতে খোদা ও প্রচার-মিডিয়া সেক্রেটারি অধ্যাপক জাকিউল ইসলামসহ শহীদ পরিবারের সদস্যরা।
সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুস সাত্তার বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী শুরু থেকেই শহীদ পরিবারের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। জুলাই বিপ্লবের শহীদ পরিবারগুলোকে আমরা নিজেদের পরিবারের সদস্য মনে করি।”
তিনি আহতদের দ্রুত সুস্থতা এবং শহীদদের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন।
একইসঙ্গে বক্তারা গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান।