
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
আগামী ২৮ মে, বৃহস্পতিবার পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে। মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব এ ঈদে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ধর্মপ্রাণ মুসল্লিরা পশু কোরবানি দিয়ে থাকেন। ঈদুল আযহাকে কেন্দ্র করে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাড়ফা বাজারের কর্মকার গলি এখন টুংটাং শব্দে মুখরিত হয়ে উঠেছে।
কুরবানির পশু জবাইয়ের জন্য প্রয়োজনীয় দা, ছুরি, চাপাতি, বটি ও অন্যান্য লোহার সরঞ্জাম তৈরিতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কর্মকাররা। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ছুটে আসছেন গাড়ফা বাজারের কর্মকার পল্লীতে। কেউ নতুন সরঞ্জাম কিনছেন, আবার কেউ পুরোনো দা-ছুরি শান ও মেরামত করাচ্ছেন।
কর্মকারদের কারখানায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে আগুনের উত্তাপ আর হাতুড়ির আঘাত। ঈদের পাশাপাশি বোরো মৌসুমের ধান কাটার সময় হওয়ায় কৃষি কাজের সরঞ্জামের চাহিদাও বেড়েছে কয়েকগুণ।
স্থানীয় কর্মকার অরবিন্দু ওঝা জানান, গত বছরের তুলনায় এবার লোহার দাম অনেক বেড়েছে। তিনি বলেন, “গত ঈদের তুলনায় প্রতি কেজি লোহায় ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বেশি খরচ হচ্ছে। খুলনা ও ফকিরহাট থেকে বেশি দামে কাঁচামাল কিনে আনতে হচ্ছে।”
কর্মকার অসীম খা বলেন, “এবার ধান কাটার মৌসুম ও ঈদুল আযহা একই সময়ে হওয়ায় বিক্রি অনেক বেড়েছে। তাই আমাদেরও বেশি ব্যস্ত সময় পার করতে হচ্ছে।”
অন্যদিকে কর্মকার তপন ওঝা বলেন, “মাঝেমধ্যে বিদ্যুৎ না থাকায় কাজ করতে ভোগান্তিতে পড়তে হচ্ছে। তবে বেচাকেনা ভালো হওয়ায় অতিরিক্ত সময় দিয়ে কাজ করছি। দাম কিছুটা বাড়লেও ক্রেতারা স্বতঃস্ফূর্তভাবে নতুন সরঞ্জাম কিনতে ও পুরোনো সরঞ্জাম মেরামত করতে আসছেন।”
ঈদকে ঘিরে গাড়ফা বাজারের কর্মকার পল্লীতে এখন যেন উৎসবের আমেজ বিরাজ করছে।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু