হোম » সারাদেশ » কাউখালীতে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

কাউখালীতে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পিরোজপুরের কাউখালী উপজেলায় সরকারের পক্ষ থেকে ১০ হাজার ২২০টি পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিনামূল্যে বিতরণ করা হয়েছে। তবে চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে উপজেলার কয়েকটি ইউনিয়নে। সুবিধাভোগীদের অভিযোগ, সরকারিভাবে ১০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও অনেক স্থানে বালতি দিয়ে মেপে ৮ থেকে ৯ কেজি পর্যন্ত চাল বিতরণ করা হয়েছে। চাল বিতরণের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামানের সামনেই কয়েকজন সুবিধাভোগীর চাল মেপে দেখা যায়, কেউ পেয়েছেন ৮ কেজি ৩০০ গ্রাম, আবার কেউ পেয়েছেন ৯ কেজি ২০০ গ্রাম পর্যন্ত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বারবার সঠিক পরিমাণ চাল বিতরণের নির্দেশ দিলেও তা কার্যকর হয়নি বলে অভিযোগ রয়েছে। কাউখালী সদর ইউনিয়ন ও আমরাজুরি ইউনিয়নে সরেজমিনে গিয়ে ১০ জন সুবিধাভোগীর চাল মেপে দেখা যায়, তারা ৮ কেজি ৩০০ গ্রাম থেকে ৮ কেজি ৭০০ গ্রাম পর্যন্ত চাল পেয়েছেন। এছাড়া শিয়ালকাঠি ও চিরাপড়া ইউনিয়নে সাড়ে ৯ কেজি  করে চাল দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এদিকে, চাল বিতরণের সময় সরকারি তদারকির জন্য ট্যাগ অফিসার উপস্থিত থাকার কথা থাকলেও নির্ধারিত সময়ে তাদের অনেককে পাওয়া যায়নি। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে একাধিকবার জানানো হলেও সংশ্লিষ্টরা তা আমলে নেননি বলে অভিযোগ করেন সুবিধাভোগীরা। কোথাও কোথাও সিলিপ থাকা স্বত্তেও চাল না পাওয়ার অভিযোগ করেছেন অনেকে। ভুক্তভোগীদের প্রশ্ন এই চাল গেল কোথায়?
অনিয়মের বিষয়টি জানতে পেরে পিরোজপুর জেলা প্রশাসক আবু সাঈদ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন। পরে উদ্বৃত্ত চাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকাত হোসেন তালুকদার উপস্থিত দুস্থ পরিবারের মাঝে অতিরিক্ত ৫ কেজি করে বিতরণ করেন।
বৃহস্পতিবার (২০ মে) সকাল ৯টা থেকে উপজেলার পাঁচটি ইউনিয়নে একযোগে এই চাল বিতরণ হয়। এর আগে সকালে কাউখালী সদর ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান। তবে উপজেলার পাঁচটি ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত  চেয়ারম্যানদেরকে  চাল বিতরণের সময় উপস্থিত দেখা যায়নি। শুধু ইউনিয়নের ইউপি সদস্যরা উপস্থিত থেকে তাদের ভাগে বরাদ্দ পাওয়া চাল বন্টন করেন ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান জানান, ২০২৫-২০২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ত্রাণ মন্ত্রণালয় থেকে ঈদুল আযহা উপলক্ষে কাউখালী উপজেলার পাঁচটি ইউনিয়নের জন্য মোট ১০২ দশমিক ২২০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে কাউখালী সদর ইউনিয়নে ৩ হাজার ৭৫৫, সয়না রঘুনাথপুরে ১ হাজার ৫৯৪, আমরাজুরিতে ১ হাজার ২৪২, চিড়াপাড়া-পারসাতুরিয়ায় ১ হাজার ৯৫৮ এবং শিয়ালকাঠিতে ১ হাজার ৬৭১টি পরিবারের মাঝে উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগের অধীন ইউনিয়ন পরিষদের মাধ্যমে  বিভিন্ন ইউনিয়নে  বিতরণ করা হয়। বিতরণের একদিন আগে  উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত ১০ কেজি চালের কার্ড সুবিধাভোগীদের হাতে পৌঁছে দেন ইউপি সদস্যরা।
শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, সকাল থেকেই সুবিধাভোগীরা লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে চাল গ্রহণ করছেন। ফলোইবুনিয়া গ্রামের আলতাব হোসেন বলেন, “আমি অসুস্থ, কাজ করতে পারি না। এই চাল পাওয়ায় আমাদের ঘরে ঈদের আনন্দ এসেছে।”
তিনি আরো বলেন “আমার মতো অনেক গরিব মানুষ আছেন, যারা কারও কাছে হাত পাততে পারেন না। কিন্তু পর্যাপ্ত বরাদ্দ  না থাকায় অনেকের হাতে কার্ড পৌঁছেনি। আরও বেশি বরাদ্দ প্রয়োজন।” বলে সরকারের কাছে দাবি জানান।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!