
বগুড়া থেকে রায়হানুল ইসলাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের প্রথম প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এম, আর, ইসলাম স্বাধীন। সরকারের এই সিদ্ধান্তের পর উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়ার রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক চাঞ্চল্য এবং নতুন আশার আলো তৈরি হয়েছে।
মঙ্গলবার (১৮ মে) সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর থেকেই বগুড়া জুড়ে বইছে আনন্দের হাওয়া।
নবনিযুক্ত প্রশাসক এম, আর, ইসলাম স্বাধীন বগুড়ার ছাত্র রাজনীতি থেকে উঠে আসা রাজনৈতিক অঙ্গনে অত্যন্ত সুপরিচিত এক নাম। তিনি বগুড়া জেলা ছাত্রদলের সাবেক সভাপতি হিসেবে দীর্ঘদিন রাজপথে নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে তিনি জেলা বিএনপির সহ-সভাপতির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
তৃণমূল থেকে উঠে আসা এই লড়াকু নেতা দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলের প্রতি তাঁর দীর্ঘদিনের ত্যাগ, সততা এবং মনপ্রাণে জাতীয়তাবাদী আদর্শ লালন করার কারণেই সরকার তাঁর ওপর এই ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছে।
একটি নবগঠিত সিটি কর্পোরেশন হিসেবে বগুড়াকে আধুনিক, গতিশীল ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার পেছনে নতুন প্রশাসকের সামনে এখন বহু চ্যালেঞ্জ রয়েছে। শূন্য থেকে শুরু করা এই নতুন প্রশাসনিক কাঠামোকে দাঁড় করানো মোটেও সহজ হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অবকাঠামোগত উন্নয়ন: জরাজীর্ণ সড়ক সংস্কার, যানজট নিরসন এবং পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা।
নাগরিক সুবিধা: পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ওয়ান-স্টপ সার্ভিসের আওতায় আনা।
প্রশাসনিক শৃঙ্খলা: নবগঠিত কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীদের মাঝে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।
সবকিছু মিলিয়ে এক বিশাল কর্মযজ্ঞ অপেক্ষা করছে নতুন প্রশাসক এম, আর, ইসলাম স্বাধীনের সামনে।
বগুড়াবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও দাবি ছিল এই সিটি কর্পোরেশন। তাই শুধু কাগজের প্রতিশ্রুতি নয়, বগুড়ার সাধারণ মানুষ এখন দ্রুত দৃশ্যমান উন্নয়ন দেখতে চান।
এলাকার সচেতন নাগরিক সমাজ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ মনে করছেন, বগুড়াকে একটি সত্যিকারের গ্রিন ও মডেল সিটি কর্পোরেশনে রূপান্তর করতে হলে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা প্রয়োজন। নতুন প্রশাসকের হাতকে শক্তিশালী করতে এবং বগুড়ার সার্বিক উন্নয়নের স্বার্থে সবাইকে ব্যক্তিগত ও রাজনৈতিক ভেদাভেদ ভুলে একসাথে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
এক প্রতিক্রিয়ায় নতুন প্রশাসক এম, আর, ইসলাম স্বাধীন তাঁর ওপর আস্থা রাখায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং বগুড়াবাসীর স্বপ্নের শহর বিনির্মাণে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।