
আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর বদলগাছীতে সিএনজি ও ধান মাড়াই মেশিনের মুখোমুখি সংঘর্ষে সড়ক দূর্ঘটনায় একজন স্কুল শিক্ষিকা উম্মে কুলছুম নিহত এবং আরও একজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার চাকরাইল বটতলি মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সিনএনজি যাত্রী বদলগাছী সদরের দরগাপাড়া এলাকার বাসিন্দা। তিনি বদলগাছী লাবণ্য প্রভা ও কমিউনিটি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আহত ব্যক্তি সদর উপজেলার গোড়শাহী গ্রামের বাসিন্দা মমতাজ জাহান। তিনিও একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
এরপর একই বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর শিক্ষার্থী তাসনিম বাড়িতে মোবাইলে তার শিক্ষকের সড়ক দূর্ঘটনায় মৃত্যুর ভিডিও দেখে বলে ম্যাডাম নেই, এভাবে চলে যাবে এটা কথা হলো। এই কথা বলেই শিক্ষার্থী তাসনিম অসুস্থ হয়ে পড়ে। তাকে দ্রুত বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঐ শিক্ষার্থীকে মৃত ঘোষণা করে। এসময় হাসপাতালের বারান্দায় শিক্ষাকার লাশ পড়েছিল। তারপর শিক্ষার্থীর মৃত্যু। এই দুই মৃত্যুর ঘটনায় স্বজনদের আহাজারী কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠে।
শিক্ষার্থীর বাবা আবুল কালাম বলেন,“ আমার মেয়েটি ফেসবুকে তার শিক্ষক উম্মে কুলছুমের মৃত্যুর খবর দেখে সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলে। পরে বদলগাছী হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার পরীক্ষা-নীরিক্ষা করে মৃত ঘোষনা করে। বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আসাদুজ্জামান নাহিদ বলেন, “শিক্ষার্থী কোন আকর্ষিক ঘটনা দেখে হয়তো জ্ঞান হারিয়ে ফেলেছে। তবে এখনি মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।”
স্থানীয় সূত্রে জানা যায়, লাবণ্য প্রভা ও কমিউনিটি বালিকা উচ্চ বিদ্যালয়ের দুইজন শিক্ষিকা সিএনজি যোগে সম্প্রতি অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার খাতা নেওয়ার জন্য রাজশাহীর উদ্দেশ্য রওনা হয়। চাকরাইল বটতলী মোড় এলাকায় পৌছালে মাতাজিহাট থেকে আসা ধান মাড়াই (বুঙ্গা) মেশিনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সহকারী শিক্ষক উম্মে কুলছুম মারা যায় এবং মমতাজ বেগম আহত হয়। পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। শিক্ষক এবং শিক্ষার্থীর তাজা দুটি প্রাণের মৃত্যুর খবর পেয়ে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জুড়ে শোকের ছায়া নেমে আসে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। দূর্ঘটনার শিক্ষকের মৃত্যুর খবর দেখে একই বিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি খুবই দুঃখজনক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি এবং সহকারী কমিশনার (ভুমি) পলাশ উদ্দীন। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান