প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ১:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৯, ২০২৬, ৪:২৬ পি.এম
হাতীবান্ধায় খাদেমুল হত্যাকাণ্ডে ভারত-বিজিবি ইস্যুতে বিস্ফোরক মন্তব্য নাসিরুদ্দিন পাটওয়ারীর

লালমনিরহাট প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী বলেছেন, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) সীমান্তে ভারতীয় বয়ান বা প্রোপাগান্ডা ছড়িয়ে থাকে। ভারত সীমান্তে সাধারণ মানুষকে গুলি করে হত্যা করলেও বিজিবি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে। বর্তমান সরকার সীমান্ত সুরক্ষা দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
মঙ্গলবার (১৯ মে) লালমনিরহাটের হাতীবান্ধার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত খদেমুল ইসলামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
নাসিরুদ্দিন পাটওয়ারী বলেন, “সীমান্তের সাধারণ মানুষ চোরাচালানের সঙ্গে জড়িত নয়। তারা সেখানে স্বাভাবিক কাজ করতে গেলেও বিএসএফ তাদের হত্যা করে। আর আমাদের বিজিবি তখন ভারতীয় প্রোপাগান্ডা ছড়ায়। বিজিবিকে সীমান্তে প্রায় অস্ত্রহীন বা অকার্যকর করে বসিয়ে রাখা হয়েছে ভারতের নির্দেশে। অন্যদিকে, র্যাব তৈরি করা হয়েছে কেবল বিরোধী রাজনৈতিক নেতাদের দমনের জন্য।”
সীমান্তে হত্যার বিরুদ্ধে কঠোর প্রতিরোধের আহ্বান জানিয়ে তিনি বলেন, “সীমান্তে প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রয়োজনে লাশ নিয়ে মিছিল করতে হবে। ভারতের সঙ্গে যুদ্ধ হলে তারা বাংলাদেশের সঙ্গে পারবে না।”
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কড়া সমালোচনা করে এনসিপি সমন্বয়ক বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া সারাজীবন ভারতের গোলামির বিরুদ্ধে লড়াই করেছেন। কিন্তু বর্তমানে তারেক রহমান ভারতের গোলামি করছেন।”
পরে নাসিরুদ্দিন পাটওয়ারী নিহত খাদিমুলের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া ও মোনাজাত করেন। এ সময় স্থানীয় এনসিপি নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.