
রবিউল হাসান লায়ন: জামালপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) এর বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে ১০ জুয়ারীকে আটক করেছে ডিবি পুলিশ। এসময় জুয়ার কাজে ব্যবহৃত ৫২টি তাস ও নগদ ৮ হাজার ১২০ টাকা উদ্ধার করা হয়।
রোববার (১৮ মে) রাতে জামালপুর সদর উপজেলার পশ্চিম নাছিরপুর এলাকায় জনৈক জাহাঙ্গীরের হাফ বিল্ডিং টিনসেড ঘরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- ইসলামপুর উপজেলার মালপাড়া গ্রামের ইনসান আলী (২২) ও মোহাম্মদ আলী (৩৬), ডাকপাড়া গ্রামের রিপন শেখ (৩০), আব্দুল জলিল (৩৫) ও এমদাদুল হক (২১), নতুন সাহাপাড়া গ্রামের কালু (২০), আব্দুল্লাহ (৩৮) ও আক্তার সরকার (৩৭), বকশীগঞ্জ উপজেলার পূর্ব কামালের বাত্তি গ্রামের আনোয়ারুল ইসলাম (২৫) এবং শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার বড়ইকুচি গ্রামের আলতাফ হোসেন (৬৫)।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) সূত্রে জানা যায়, জামালপুর জেলার পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিনের নির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এসআই আপেল মাহমুদ ও এসআই মোঃ এহসানুল হকের নেতৃত্বে ডিবি-১ এর একটি চৌকশ দল অভিযানটি পরিচালনা করে।
জামালপুরের পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন বলেন, “জুয়া, মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতিসহ সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। মাদক ও জুয়া সমাজে অপরাধ প্রবণতা বৃদ্ধি করে এবং যুব সমাজকে বিপথগামী করে। তাই এসব অপরাধ দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।”
তিনি আরও বলেন, সমাজে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত পুলিশকে অবহিত করতে হবে। জনগণের সহযোগিতা ছাড়া অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়। নিরাপদ সমাজ গঠনে জামালপুর জেলা পুলিশ বদ্ধপরিকর।