মোঃ জাহাঙ্গীর আলম, মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নের কালীগঙ্গা নদী এলাকায় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (১৭ মে) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা ৪(ছ) অনুযায়ী এ দণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার চরমাস্তুল গ্রামের মো. আরিফ মিয়া (পিতা- আব্দুল হামিদ) দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন ব্যবহার করে নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করে আসছিলেন। অভিযানের সময় তিনি ঘটনাস্থলে অপরাধ স্বীকার করলে তাকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন দৌলতপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আহসানুল আলম। তিনি জানান, পরিবেশ ও নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।