হোম » সারাদেশ » ফেরির ভোগান্তি থেকে মুক্তি চায় দক্ষিণাঞ্চল দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে গোয়ালন্দে মানববন্ধনে

ফেরির ভোগান্তি থেকে মুক্তি চায় দক্ষিণাঞ্চল দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে গোয়ালন্দে মানববন্ধনে

ইলিয়াছ শাহেদ , গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি :
দীর্ঘদিনের ফেরি দুর্ভোগ, যানজট আর যোগাযোগ সংকট থেকে মুক্তির দাবিতে রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
“সংযোগ বাড়াও, অর্থনীতি বাঁচাও, দৌলতদিয়া-পাটুরিয়া দ্বিতীয় পদ্মা সেতু গড়াও” — এই স্লোগানকে সামনে রেখে “গোয়ালন্দ প্রতিবাদ মঞ্চ”-এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নূর ইসলাম মুন্নু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাহিদুল ইসলাম সরদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজবাড়ী জেলা শাখার মুখ্য সংগঠক আকিব সরদার, ঢাকা জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী নাজমুল ইসলাম, জামায়াতে ইসলামীর দৌলতদিয়া ইউনিয়ন শাখার সেক্রেটারি মো. আবু সাঈদ সোহাগ, গোয়ালন্দ পৌর যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দেলু, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদ এবং এনপিপির সদস্য আরবি হোসেনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লাখো মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনের অন্যতম প্রধান পথ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট। কিন্তু বছরের পর বছর ধরে এই রুটে ফেরি পারাপারে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের। বিশেষ করে ঈদ ও বিভিন্ন উৎসবের সময় দীর্ঘ যানজট, ঘণ্টার পর ঘণ্টা ফেরির অপেক্ষা এবং অব্যবস্থাপনার কারণে মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করে।
তারা আরও বলেন, পদ্মা সেতু চালু হলেও দৌলতদিয়া-পাটুরিয়া রুটের গুরুত্ব একটুও কমেনি। বরং দেশের অর্থনীতি সচল রাখা, শিল্প-বাণিজ্যের প্রসার এবং দক্ষিণাঞ্চলের মানুষের দ্রুত ও নিরাপদ যোগাযোগ নিশ্চিত করতে এই রুটে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ এখন সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি।
মানববন্ধনে বক্তারা পদ্মা ব্যারাজ প্রকল্পের প্রতিও সমর্থন জানিয়ে বলেন, সরকারের উন্নয়ন প্রকল্পকে তারা স্বাগত জানান। তবে পদ্মা ব্যারাজের পাশাপাশি দৌলতদিয়া-পাটুরিয়া রুটে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করা না হলে এ অঞ্চলের মানুষের ভোগান্তি আরও বাড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!