
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
আসন্ন আলফাডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিনিয়ত ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন তরুণ আইনজীবী অ্যাডভোকেট হেমায়েত হোসেন।
এরই ধারাবাহিকতায় শনিবার দিনব্যাপী উপজেলার কুচিয়াগ্রাম, পানাইল ও দিগনগর এলাকার সর্বস্তরের জনগণের সাথে তিনি মতবিনিময় ও গণসংযোগ করেন। এ সময় তিনি সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে লিফলেট বিতরণ করেন এবং দোয়া ও সমর্থন কামনা করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, অ্যাডভোকেট হেমায়েত হোসেন ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বর্তমান যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের এই অগ্রসৈনিক দীর্ঘ দিন ধরে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি আলফাডাঙ্গা উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের ভাটপাড়া এলাকার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। পারিবারিক সূত্রেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির আদর্শ বুকে ধারণ করে ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সাথে যুক্ত হন। সাংগঠনিক দক্ষতায় অনন্য হেমায়েত হোসেন ২০১৩ সালে আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের গুরুত্বপূর্ণ দায়িত্ব পান এবং নানা ঘাত-প্রতিঘাত ও প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে ২০১৮ সাল পর্যন্ত সফলতার সাথে সেই দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তাঁর ত্যাগ ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি পদে ভূষিত হন।
পেশাগত জীবনে হেমায়েত হোসেন একজন সুপ্রতিষ্ঠিত আইনজীবী। আইন পেশায় নিয়োজিত হয়ে তিনি শুধু নিজের ক্যারিয়ার গড়েননি বরং রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলায় জর্জরিত দলের অসংখ্য নেতাকর্মীর পাশে দাঁড়িয়েছেন। বিনা পারিশ্রমিকে ও অত্যন্ত আন্তরিকতার সাথে তিনি নির্যাতিত নেতাকর্মীদের পক্ষে আইনি লড়াই চালিয়ে গিয়েছেন। রাজপথের আন্দোলন এবং আইনি লড়াই করতে গিয়ে তিনি নিজেও একাধিকবার রাজনৈতিক মিথ্যা মামলার শিকার হয়েছেন এবং কারাভোগ করেছেন।
গণসংযোগকালে স্থানীয় সাধারণ মানুষ ও তরুণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। একজন পরিচ্ছন্ন, শিক্ষিত ও আইনি সেবায় নিয়োজিত তরুণ নেতাকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলে অনেকেই অভিমত প্রকাশ করেন। ভোটারদের এই ভালোবাসায় সিক্ত হয়ে অ্যাডভোকেট হেমায়েত হোসেন উপজেলার সার্বিক উন্নয়ন এবং জনগণের আইনি ও সামাজিক অধিকার প্রতিষ্ঠায় আজীবন কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।