
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানগড় এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে একটি মূল্যবান কষ্টি পাথরের তৈরি প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১২ মে ২০২৬) রাতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকবাল বাহারের তত্ত্বাবধানে এবং এসআই আব্দুল কুদ্দুসের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, গড়মহাস্থান দক্ষিণপাড়া এলাকায় কয়েকজন ব্যক্তি একটি মূল্যবান প্রাচীন বিষ্ণুমূর্তি ভারতে পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে তথ্যের সত্যতা যাচাই শেষে ডিবি পুলিশের দল সেখানে অভিযান চালায়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে পুলিশ দুইজনকে আটক করতে সক্ষম হয়। আটককৃতরা হলেন— গড়মহাস্থান দক্ষিণপাড়ার মোঃ রফিকুল ইসলাম (৫৪) এবং বগুড়া সদরের নিশিন্দারা পশ্চিমপাড়ার মোঃ নাহিদুর রহমান (৩২)। পরে তাদের হেফাজতে থাকা একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে কষ্টি পাথরের তৈরি একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মূর্তিটির দৈর্ঘ্য প্রায় ৩০ ইঞ্চি, প্রস্থ ১৪ ইঞ্চি এবং ওজন আনুমানিক ৩০ কেজি ৭০০ গ্রাম। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি অত্যন্ত প্রাচীন ও প্রত্নতাত্ত্বিক গুরুত্বসম্পন্ন একটি নিদর্শন।
ডিবি পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া মূর্তিটির প্রকৃত ইতিহাস ও মূল্য নির্ধারণে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হবে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত পলাতক অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২