প্রিন্ট এর তারিখঃ জুলাই ২১, ২০২৬, ৭:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১২, ২০২৬, ১২:০৮ পি.এম
সাইনবোর্ড-বগি আঞ্চলিক সড়কে ধানের নারা-কুড়া শুকানোয় দুর্ঘটনার শঙ্কা

মোঃ এখলাস শেখ, মোরেলগঞ্জ প্রতিনিধিঃ
বৃষ্টির পরে রোদ উঠলেই বাগেরহাটের সাইনবোর্ড-বগি আঞ্চলিক সড়কের বিভিন্ন স্থানে রাস্তার পাশে ও আংশিক সড়কের উপর ধানের নারা-কুড়া শুকাতে দেখা যায়। এতে প্রতিনিয়ত বাড়ছে সড়ক দুর্ঘটনার ঝুঁকি, বিশেষ করে মোটরসাইকেল আরোহীদের জন্য পরিস্থিতি হয়ে উঠছে অত্যন্ত বিপজ্জনক।
স্থানীয়রা জানান, বৃষ্টিতে ভেজা ধানের নারা ও কুড়া শুকানোর জন্য অনেকেই রাস্তার পাশে ছড়িয়ে রাখেন। অনেক সময় তা সড়কের চলাচলের অংশেও চলে আসে। ফলে যানবাহনের চাকা পিছলে গিয়ে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। বিশেষ করে দ্রুতগতির মোটরসাইকেল চলাচলের সময় সামান্য অসতর্কতায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
সড়ক ব্যবহারকারীরা অভিযোগ করেন, বিষয়টি দীর্ঘদিন ধরে চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তেমন নজরদারি নেই। এতে প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে।
একাধিক বাইকার জানান, ধানের নারা-কুড়া ভেজা অবস্থায় থাকায় রাস্তা পিচ্ছিল হয়ে যায়। এতে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। ইতোমধ্যে কয়েকটি ছোটখাটো দুর্ঘটনার ঘটনাও ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ বিষয়ে সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলছেন, জনসচেতনতা বৃদ্ধি ও নিয়মিত নজরদারির মাধ্যমে সড়কের পাশে এভাবে নারা-কুড়া শুকানো বন্ধ করা না গেলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.