প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ৫:০০ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১১, ২০২৬, ৩:২১ পি.এম
বগুড়ার শিবগঞ্জে মেডিকেল শিক্ষার্থী ঐশীর পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার গাংনগর এলাকার মেধাবী শিক্ষার্থী ও রংপুর মেডিকেল কলেজ-এর ছাত্রী ঐশী রাণীর পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
ঐশী রাণী শ্রী সফল চন্দ্রের মেয়ে। ছোটবেলা থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলা এই মেধাবী শিক্ষার্থী বর্তমানে মেডিকেল শিক্ষার গুরুত্বপূর্ণ বিষয় অ্যানাটমি নিয়ে অধ্যয়ন করছেন। অ্যানাটমি বিষয়ে পড়াশোনা ও গবেষণার জন্য একটি মানব কঙ্কাল (স্কেলেটন সেট) অত্যন্ত প্রয়োজনীয় হলেও এর মূল্য প্রায় দেড় লাখ টাকা হওয়ায় মুদি দোকানী বাবার পক্ষে সেটি সংগ্রহ করা সম্ভব হচ্ছিল না।
বিষয়টি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির নজরে এলে তিনি মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে তাৎক্ষণিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সোমবার (১১ মে ২০২৬) তিনি ঐশী রাণীর হাতে প্রয়োজনীয় মানব কঙ্কাল (স্কেলেটন সেট) তুলে দেন এবং ভবিষ্যতে মেডিকেল শিক্ষাজীবনের পুরো সময়জুড়ে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
এসময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন, “মেধাবী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ সম্পদ। অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর স্বপ্ন থেমে যেতে পারে না। সরকার শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে, যাতে প্রত্যন্ত অঞ্চলের মেধাবীরাও নিজেদের যোগ্যতা দিয়ে দেশের সেবায় এগিয়ে আসতে পারে।”
স্থানীয়রা প্রতিমন্ত্রীর এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, এমন সহযোগিতা সমাজের বিত্তবান ও দায়িত্বশীল মানুষদেরও অনুপ্রাণিত করবে। ঐশী রাণীও প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সহযোগিতা তার চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে নতুন সাহস ও প্রেরণা যোগাবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.