প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ৪:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১১, ২০২৬, ১:২৬ পি.এম
ধুনটে পৌরসভাসহ ৬ ইউনিয়নে প্রার্থীর নাম ঘোষণা জামায়াতের

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ
আসন্ন স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক তৎপরতা শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বগুড়ার ধুনট উপজেলায় পৌরসভাসহ ৬টি ইউনিয়নে চেয়ারম্যান ও মেয়র পদে দলীয় প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে দলটি। ঘোষণার পর থেকেই সম্ভাব্য প্রার্থীরা এলাকায় গণসংযোগ ও ভোটারদের সঙ্গে মতবিনিময় শুরু করেছেন।
সোমবার (১১ মে ২০২৬) সকাল ৮টায় ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় এসব প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক আব্দুল বাসেদ বলেন, উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৬টিতে চেয়ারম্যান পদে এবং ধুনট পৌরসভায় মেয়র পদে প্রার্থী ঘোষণা করা হয়েছে। বাকি ইউনিয়নগুলোর প্রার্থীদের নামও শিগগিরই চূড়ান্ত করা হবে। তিনি বলেন, “জামায়াতে ইসলামী জনগণের প্রত্যাশা পূরণে সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব গড়ে তুলতে কাজ করছে।”
ঘোষিত প্রার্থীরা হলেন- ধুনট পৌরসভায় মেয়র পদে ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও সহকারী অধ্যাপক মাওলানা মোঃ আব্দুল করিম, নিমগাছী ইউনিয়নে বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আতাউর রহমান, চিকাশী ইউনিয়নে রবিউল ইসলাম, ভান্ডারবাড়ী ইউনিয়নে সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম, ধুনট সদর ইউনিয়নে মাওলানা গোলাম, চৌকিবাড়ী ইউনিয়নে টি এম রফিকুল ইসলাম দুলাল এবং গোপালনগর ইউনিয়নে আমানুল্লাহ খাঁন। তবে উপজেলার কালেরপাড়া, এলাঙ্গী, গোসাইবাড়ী ও মথুরাপুর ইউনিয়নে এখনো চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। এ বিষয়ে বগুড়া জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোঃ মানছুরুর রহমান বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই বাকি চারটি ইউনিয়নের প্রার্থীদের নাম চূড়ান্ত করা হবে।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোঃ আব্দুল মজিদ, নূর মোহাম্মদ আবু তাহের, রেজাউল করিম এবং ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মুহাম্মদ আমিনুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.