প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ১০:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১০, ২০২৬, ৭:৪৬ পি.এম
কাউখালীতে চোর চক্রের সদস্য গ্রেফতার

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীর জয়কুল এলাকায় সংঘটিত সশস্ত্র চুরির ঘটনায় এজাহারভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১০ মে) ভোর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কিছুদিন পূর্বে জয়কুল এলাকায় একটি দুর্ধর্ষ চোর চক্র সশস্ত্র অবস্থায় চুরি করতে গেলে গৃহস্থের বাধার মুখে পড়ে। এসময় চোরেরা গৃহস্থ জাকির ও তার পিতাকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে স্থানীয় জনগণ মিল্লাত ওরফে মিলু নামে এক চোরকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে ।
এ ঘটনায় পালিয়ে যাওয়া চোরদের মধ্যে এজাহারনামীয় নেছারাবাদ উপজেলার সাগরকান্দা গ্রামের মোতালেব হাওলাদারের
ছেলে আসামী মোঃ দেলোয়ার হোসেন (৪৫),কে কাউখালী উপজেলার নাঙ্গুলি গ্রাম থেকে গ্রেফতার করেছে কাউখালী থানা পুলিশ। গতকাল রাতে এসআই দীপক বালার নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে নাঙ্গুলী এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ইতোমধ্যে অস্ত্র আইনে একটি মামলা রয়েছে।
এ ব্যাপারে কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াকুব হোসাইন ঘটনা সত্যতা স্বীকার করে বলেন আসামি গোয়াল ঘরে থাকা পাঁচটি গরু চুরি করার চেষ্টা করেছিল।
গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.