
রবিউল হাসান লায়ন, জামালপুর
এডিট করা ও খণ্ডিত অডিও বিভিন্ন গণমাধ্যমে প্রচার করে তাকে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন জামালপুর জেলা শ্রমিকদলের সভাপতি শেখ মো. আব্দুস সোবহান।
সোমবার (০৪ মে ২০২৬) সকালে উপজেলা অফিস সংলগ্ন তার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আলোচনার ভিত্তিতে ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলামের ‘আমেনা এন্টারপ্রাইজ’-এর নামে সর্বোচ্চ দরদাতা নির্ধারণের সিদ্ধান্ত হয়। পরবর্তীতে সিডিউলগুলো সংগ্রহ করেন রুহুল আমীন মিলন ও জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আ. হালিম। তিনটি সিডিউল জেলা প্রশাসকের কার্যালয়ের টেন্ডার বাক্সে জমা দেওয়ার কথা ছিল।
তিনি অভিযোগ করে বলেন, সমঝোতার বাইরে গিয়ে গোপনে ‘আমেনা এন্টারপ্রাইজ’-এর বিড সরিয়ে ফেলে ‘শামীম এন্টারপ্রাইজ’—যা শামীম মাস্টারের স্ত্রীর নামে লাইসেন্সকৃত—সেটিকে সর্বোচ্চ দরদাতা হিসেবে জমা দেওয়া হয়। এতে বালুমহাল সংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
এ বিষয়ে কথা বলতে গিয়ে আ. হালিমের সঙ্গে তার ফোনালাপের একটি অংশ কেটে-ছেঁটে বিকৃতভাবে রেকর্ড করে গণমাধ্যমে সরবরাহ করা হয়েছে, যা গত দুই দিন ধরে প্রচারিত হচ্ছে বলে তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এটি একটি পরিকল্পিত অপপ্রচার। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং প্রকৃত ঘটনা গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীর সামনে তুলে ধরার আহ্বান জানান।