প্রিন্ট এর তারিখঃ জুলাই ২১, ২০২৬, ১০:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৪, ২০২৬, ৭:০১ পি.এম
যুক্তরাষ্ট্রে খুন হওয়া পিএইচডি শিক্ষার্থী লিমনের মরদেহ গ্রামে, কান্নায় ভেঙে পড়লেন এলাকাবাসী

রবিউল হাসান লায়ন, জামালপুর
যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ অবশেষে নিজ গ্রামে এসে পৌঁছেছে। প্রিয় সন্তানের নিথর দেহ ঘিরে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।
সোমবার (৪ মে) বিকাল সাড়ে তিনটার দিকে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার লালডোবা গ্রামে পৌঁছায় লিমনের মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স। এ সময় শত শত মানুষ শেষবারের মতো তাকে দেখতে ভিড় করেন।
এর আগে সকাল ৮টা ৪৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তার মরদেহ। সেখানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মরদেহ গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন লিমনের শোকাহত বাবা-মা ও স্বজনরা। পরে পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে জামালপুরের উদ্দেশে রওনা হন।
পরিবারের সদস্যরা জানান, সোমবার বাদ মাগরিব মাদারগঞ্জে নিজ বাড়িতে জানাজা শেষে লিমনকে দাফন করা হবে।
এদিকে, লিমনের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত বিচারের দাবিতে সরব হয়েছেন তার স্বজনরা। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সরকারের কাছে বিচার নিশ্চিতের আহ্বান জানিয়েছেন তারা।
উল্লেখ্য, জামিল আহমেদ লিমন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। গত ১৬ এপ্রিল নিখোঁজ হওয়ার পর ২৮ এপ্রিল হাওয়ার্ড ফ্র্যাংকল্যান্ড ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.