প্রিন্ট এর তারিখঃ জুলাই ২০, ২০২৬, ৪:১০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৪, ২০২৬, ৪:১৬ পি.এম
রাজশাহীতে ‘লাশ নিয়ে ব্যবসা নয়’ স্লোগানে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু করছেন যুবদল নেতা রফিকুল ইসলাম রবি

আবুল হাশেম
প্রিয়জন হারানোর শোকে দিশেহারা পরিবারের ওপর লাশ পরিবহনের আর্থিক চাপকে ‘অমানবিক’ আখ্যা দিয়ে রাজশাহীতে সম্পূর্ণ বিনামূল্যে লাশবাহী অ্যাম্বুলেন্স সেবা চালুর উদ্যোগ নিয়েছেন যুবদল নেতা রফিকুল ইসলাম রবি। “লাশ নিয়ে ব্যবসা নয়”—এই মূলমন্ত্রকে সামনে রেখে তিনি এ মানবিক সেবার যাত্রা শুরু করতে যাচ্ছেন।
সেবাটি সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য ইতোমধ্যে অ্যাম্বুলেন্স মালিক ও সংশ্লিষ্টদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন রফিকুল ইসলাম রবি। আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে, রাজশাহী সিটি করপোরেশন এলাকার শোকাহত পরিবারগুলোকে নির্ধারিত কাঠামোর মধ্যে এই ফ্রি সেবা দেওয়া হবে। অ্যাম্বুলেন্স মালিকরা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
রফিকুল ইসলাম রবি বলেন, “প্রিয়জন হারানোর শোকে যখন একটি পরিবার দিশেহারা থাকে, তখন লাশ পরিবহনের জন্য আর্থিক চাপ আসাটা অত্যন্ত অমানবিক। অন্তত শেষ বিদায়টুকু যেন সম্মানের সঙ্গে এবং বিনা খরচে হয়, সেই লক্ষ্যেই আমার এই পথচলা। এটি কোনো দয়া নয়, এটি আমাদের সামাজিক দায়িত্ব।” তিনি আশা প্রকাশ করেন, বিত্তবান ও সচেতন মানুষরা এগিয়ে এলে এ কার্যক্রমের পরিধি আরও বাড়ানো সম্ভব হবে।
অ্যাম্বুলেন্স মালিক ও শ্রমিক সংগঠনের নেতারাও এই উদ্যোগের প্রশংসা করেছেন। তারা জানান, অতিরিক্ত ভাড়ার কারণে পরিবারগুলোর দুর্ভোগ তাদেরও ব্যথিত করে। মানবিক দিক বিবেচনা করে সমন্বিত ব্যবস্থার মাধ্যমে ফ্রি সার্ভিস দিতে তারা সম্মত হয়েছেন। তাদের মতে, রাজশাহীতে লাশ নিয়ে ব্যবসায়িক মানসিকতা বন্ধে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ।
ব্যতিক্রমধর্মী এই উদ্যোগের খবর ছড়িয়ে পড়ার পর রাজশাহী নগরজুড়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ইতিবাচক সাড়া পড়েছে। অনেকেই মনে করছেন, মানুষের সেবায় এমন নিঃস্বার্থ উদ্যোগ সমাজের অন্যান্য স্তরেও অনুপ্রেরণা জোগাবে।
উল্লেখ্য, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি এর আগেও পথশিশুদের সহায়তা, মসজিদের বিদ্যুৎ বিল পরিশোধ ও ফ্রি ওয়াইফাই জোনসহ বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে প্রশংসা কুড়িয়েছেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.