প্রিন্ট এর তারিখঃ জুন ২৩, ২০২৬, ১:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৩:০১ অপরাহ্ণ
সিরাজগঞ্জে গলা কেটে চালককে হত্যা : গ্রেফতার- ১

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে চালককে গলা কেটে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় শামীম উদ্দিন (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে গ্রেফতার যুবককে আদালতে পাঠানো হয়েছে। এর আগে, বুধবার রাতে তাড়াশ উপজেলার জাহাঙ্গীরগাতি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার শামীম উদ্দিন, তাড়াশ উপজেলার জাহাঙ্গীরগাতি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। নিহত নাঈম হোসেন (২৫) সলঙ্গা থানার মালতিনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি রাজমিস্ত্রীর কাজের পাশাপাশি অটো রিকশা চালাতেন।
জানা যায়, মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন নাঈম। রাতে বাড়ি না ফেরায় তাকে খোঁজাখুঁজি করেও পায়নি স্বজনরা। পরে বুধবার সকালে উপজেলার খৈচালা বিলের পাশ থেকে নাঈমের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে বুধবার সন্ধ্যায় নিহতের দাফন করেন স্বজনরা। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী খাদিজা খাতুন বাদি হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, ঘটনার পরই ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার ও অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। বুধবার সন্ধ্যায় পার্শ্ববর্তী তাড়াশ উপজেলার জাহাঙ্গীরগাতি গ্রাম থেকে ছিনতাই করা অটোরিকশাটি উদ্ধার এবং অটোরিকশা হেফাজতে রাখার অভিযোগে শামীমকে আটক করা হয়েছে। আজ তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.