প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ১১:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ৪:৫৪ পি.এম
কাউখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬-এর সমাপনী দিনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে সমাপনী দিনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
“পুষ্টি বৈষম্য দূর করি, গড়ি স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এক সপ্তাহব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। এরই ধারাবাহিকতায় বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইপিআই কর্মকর্তা আনিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় পুষ্টির গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কর্মকার এবং এমওডিসি ডা. অমৃতা সরকার।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হান্নান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান এবং কাউখালী থানার (ওসি) তদন্ত কর্মকর্তা এবাদ আলীসহ অন্যান্যরা।
অনুষ্ঠানের আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানার শিক্ষার্থী এবং এতিমদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়। পাশাপাশি রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বক্তারা বলেন, সুষম খাদ্য গ্রহণের মাধ্যমে পুষ্টিহীনতা দূর করা সম্ভব। তারা আরও উল্লেখ করেন, দামি খাবারই শুধু পুষ্টির উৎস নয়; দেশীয় শাকসবজি ও ফলমূল খেয়েও পুষ্টির চাহিদা পূরণ করা যায়।
এ ধরনের কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.