
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ায় বালুভর্তি একটি ট্রাক থেকে ৮০ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ডিবির এসআই শামীম আহমেদের নেতৃত্বে বগুড়া সদর উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের টিএমএসএস স-মিল অ্যান্ড উডেন ফার্নিচার সেকশনের উত্তর পাশে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়।
এ সময় রংপুর থেকে বগুড়াগামী একটি বালুভর্তি ট্রাক (রেজি: ঢাকা মেট্রো-ট-১৬-৯২৭৬) থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে ট্রাকের বালুর ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা তিনটি প্লাস্টিকের বস্তা থেকে ২৫ কেজি, ২৫ কেজি ও ৩০ কেজি মোট ৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় ট্রাকের চালক মো. রবিউল ইসলাম (২৫), পিতা: মো. মামুন আকন্দ, গ্রাম: কৃষ্ণপুর, থানা: ফুলবাড়ী, জেলা: দিনাজপুরকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজা ও ট্রাকটি জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত চালকের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।