হোম » সারাদেশ » ঝড়ে শেষ এক পরিবার: মেলান্দহে মা ও দুই মেয়ের প্রাণহানি

ঝড়ে শেষ এক পরিবার: মেলান্দহে মা ও দুই মেয়ের প্রাণহানি

রবিউল হাসান লায়ন, জামালপুর
জামালপুরের মেলান্দহ উপজেলা-এ কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বসতঘরের ওপর গাছ ভেঙে পড়ে মা ও দুই মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গভীর রাতে ঘুমন্ত অবস্থায় প্রাণ হারানো এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।সোমবার (২৭ এপ্রিল) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার নয়ানগর ইউনিয়ন-এর দাগী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা।
নিহতরা হলেন—দাগী এলাকার মৃত গনি মণ্ডলের স্ত্রী খুকি বেগম (৬৫) এবং তার দুই মেয়ে ফরিদা আক্তার (৪০) ও ফতে আক্তার (৩৭)।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে নিজ টিনের ঘরের একই বিছানায় ঘুমিয়ে ছিলেন মা ও দুই মেয়ে।

রাত গভীর হলে হঠাৎ শুরু হয় তীব্র দমকা হাওয়া ও কালবৈশাখী ঝড়। একপর্যায়ে ঘরের পাশের একটি বড় মেহগনি গাছ উপড়ে গিয়ে সজোরে ঘরের ওপর ভেঙে পড়ে। এতে ঘরের ভেতরে থাকা তিনজনই গাছের নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

রাতের অন্ধকার ও প্রতিকূল আবহাওয়ার কারণে তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ সম্ভব হয়নি। পরে সকালে স্থানীয়দের সহায়তায় খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। দীর্ঘ চেষ্টার পর গাছের নিচ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের ভাষায়, “এক ঝড়ে শেষ হয়ে গেল একটি পরিবার”—এমন দৃশ্য কেউ ভুলতে পারবে না।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!