
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের শাবরুল হিন্দুপাড়ায় সন্ত্রাসী গোষ্ঠী ‘জলিল বাহিনী’র দফায় দফায় রাতভর হামলার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। হামলার সময় দুর্বৃত্তরা বসতবাড়িতে ভাঙচুর চালায় এবং এলাকাবাসীর মধ্যে ভয়ভীতি সৃষ্টি করে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়দের দাবি, গত শনিবার গভীর রাতে সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে জলিল বাহিনীর সদস্যরা হিন্দুপাড়ার নিরীহ বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকাবাসী প্রতিরোধ গড়ে তোলে এবং জলিল বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে পরিচিত ‘সাগর’ নামের এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়।
পরে তাকে শাজাহানপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল।
পরিদর্শনকালে ওসি আশিক ইকবাল বলেন, “জনগণকে সঙ্গে নিয়ে শাবরুল এলাকা থেকে সন্ত্রাসী ও চাঁদাবাজদের নির্মূল করা হবে। এখানে কোনো সন্ত্রাসীর ঠাঁই হবে না।” তিনি আরও জানান, ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।
এদিকে, পুনরায় হামলার আশঙ্কায় হিন্দুপাড়ার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। তারা দ্রুত স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয়দের মতে, স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় নিয়মিত টহল, অপরাধীদের গ্রেপ্তার এবং কঠোর নজরদারি অত্যন্ত জরুরি।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক