প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৯:১১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৫, ২০২৬, ২:৫৫ অপরাহ্ণ
বগুড়ার শাহজাহানপুরে রকি হত্যা মামলার প্রধান আসামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

এম, এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলা এলাকায় সংঘটিত রকি মাহমুদ হত্যা মামলার এজাহারভুক্ত ১নং পলাতক আসামী মোঃ হারুন (৪৫) কে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছে র্যাব-১২।
গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বনানী কাস্টম অফিসের সামনে রকি মাহমুদ (২৬) হত্যার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, আসামী হারুন মোবাইল ফোনে ডেকে নিলে রকি তার মোটরসাইকেল নিয়ে দুপুরে বাড়ি থেকে বের হন। পরে একই দিন বিকেলে বাদীর প্রতিবেশী অটোরিকশাচালক মামুন খবর দেন যে, রকি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।
পরবর্তীতে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তার পরিহিত পোশাক দেখে লাশ শনাক্ত করেন। দেখা যায়, তার মাথার পেছনে, ঘাড়ে ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় ৮ জনকে অভিযুক্ত করে এবং অজ্ঞাতনামা আরও ৫-৬ জনের বিরুদ্ধে শাহজাহানপুর থানা-তে মামলা (নং-২১, তারিখ: ২৪/০৪/২০২৬) দায়ের করা হয়। মামলাটি দণ্ডবিধি ১৮৬০ এর ৩০২/৩৪ ধারায় রুজু করা হয়েছে।
র্যাব-১২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, প্রধান আসামী হারুন গ্রেফতার এড়াতে শিবগঞ্জ উপজেলার কিচক এলাকায় আত্মগোপনে রয়েছেন। পরে শুক্রবার (২৪ এপ্রিল) অভিযান চালিয়ে তাকে সেখান থেকে গ্রেফতার করা হয়।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.