হোম » সারাদেশ » বগুড়া শিবগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বগুড়া শিবগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২৬-এর উপজেলা পর্যায়ের শুভ উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি শিশুকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে সরকার বদ্ধপরিকর। খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ লক্ষ্যকে সামনে রেখে সারাদেশে ক্রীড়া উন্নয়নে নানা পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরও বলেন, গ্রামের প্রত্যন্ত অঞ্চলের শিশুদের মধ্যেও অসাধারণ প্রতিভা লুকিয়ে রয়েছে। এ ধরনের আয়োজন সেই প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করে এবং ভবিষ্যতে এখান থেকেই জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি হবে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ক্রীড়া সংগঠক, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা দল অংশগ্রহণ করছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!