হোম » সারাদেশ » বগুড়ায় দিনে-দুপুরে যুবককে কুপিয়ে হত্যা: এলাকায় আতঙ্ক

বগুড়ায় দিনে-দুপুরে যুবককে কুপিয়ে হত্যা: এলাকায় আতঙ্ক

​রায়হানুল ইসলাম, বগুড়া সদর প্রতিনিধি

বগুড়ায় অপরাধ প্রবণতা ও হত্যাকাণ্ডের ঘটনা যেন থামছেই না। এবার জেলার শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় প্রকাশ্য দিবালোকে হাবিবুর রহমান রকি (৩৩) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুরে বনানীর লিচুতলা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের ওপর এই নৃশংস ঘটনা ঘটে।
​নিহত রকি শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে রকি লিচুতলা এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। মহাসড়কের ওপর জনসমক্ষেই এই হামলা চালানো হয়। রক্তক্ষরণজনিত কারণে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই রকির মৃত্যু হলে দুর্বৃত্তরা দ্রুত এলাকা ত্যাগ করে।
​​নিহতের স্বজনদের দাবি, রকি সম্প্রতি ইট ও বালুর ব্যবসা শুরু করেছিলেন। এই ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় কোনো পক্ষের সাথে তার বিরোধ তৈরি হয়েছিল। ধারণা করা হচ্ছে, সেই ব্যবসায়িক শত্রুতার জের ধরেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
​খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ​শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল জানান ​”প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম ইতোমধ্যে মাঠে নেমেছে। দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।”
​ব্যস্ততম মহাসড়কের ওপর এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!