প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৫:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ৫:০৪ অপরাহ্ণ
উল্লাপাড়ায় এক কৃষকের বাড়ির সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
উপজেলার বনিবাড়িয়া গ্রামের কৃষক মোহাম্মদ আলীর কেনা বাড়ির সম্পত্তি দখলের পায়তারা করছেন প্রতিবেশী প্রভাবশালী ফজলুল হক, সাইদার রহমান, আশরাফ আলী ও হায়দার আলী। আর এ নিয়ে চরম অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার মধ্যে দিয়ে দিন কাটছে মোহাম্মদ আলীর। ইতোমধ্যে তিনি এ ব্যাপারে উল্লাপাড়ার সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী মোহাম্মদ আলী গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করেন, তার আপন চাচা সুজাবত আলীর সম্পত্তি তার মৃত্যুর পর তার নাতি ফিরোজ, ফারুক, ফরহাদ ও করিম ওয়ারিশ সূত্রে মালিক হন। তিনি ২০১৬ সালে ফিরোজ ও ফরহাদের নিকট থেকে তাদের অংশ অনুযায়ী ২.৮ শতক জমি কিনে নেন। অপর দিকে তাদের প্রতিপক্ষ ফজলুল হক, সাইদার রহমান, আশরাফ আলী ও হায়দার আলী অপর নাতি ফারুক ও করিমের নিকট থেকে ৩.৩২ শতক জমি কেনেন। কিন্তু বেশ কিছুদিন ধরে এরা তাদের ক্রয়কৃত সম্পত্তি ছাড়াও আমার কেনা ২.৮ শতক জমিও জোর করে দখলের পায়তারা করছেন। একই সঙ্গে যেকোন উপায়ে মোহাম্মদ আলীর জমি দখল করার হুমকিও প্রদান করছেন। এ অবস্থায় বর্তমানে তিনি চরম অশান্তি ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন যাপন করছেন।
মোহাম্মদ আলী আরও জানান, তিনি নানা সমস্যার কারণে তার উল্লিখিত ক্রয় করা ২.৮ শতক জমি নামজারি করতে পারেননি। অপর দিকে প্রতিপক্ষ তাদের জমি দাতাদের নিকট থেকে নিয়ম বহির্ভূতভাবে প্রাপ্য অংশের তুলনায় বেশি জমি দলিল করে নানা উপায়ে নামজারি করিয়ে নিয়েছেন। এখন আমার অংশের নামজারি সম্পন্ন না হওয়ায় আমার ক্রয়কৃত পুরো অংশ তারা গ্রাস করার চেষ্টা করছেন। তিনি এ ব্যাপারে সুবিচার চেয়ে উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে লিখিতভাবে অভিযোগ দিয়েছেন। মোহাম্মদ আলী ন্যায্য বিচার দাবি করেন।
অভিযুক্ত ফজলুল হক, সাইদার রহমান, আশরাফ আলী ও হায়দার আলীর সঙ্গে যোগাযোগ করলে তারা তাদের বিরুদ্ধে মোহাম্মদ আলীর আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা কারও জমি অবৈধভাবে দখল করার চেষ্টা করিনি। আমরা নিজেদের ক্রয়কৃত জমি দখলের চেষ্টা করছি। বরং মোহাম্মদ আলী আমাদেরকে নানা উপায়ে হয়রানি করছেন। আমরা নিয়ম মাফিক আমাদের ক্রয়কৃত সম্পত্তির নামজারি করেছি।
এ ব্যাপারে উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমার সঙ্গে কথা বললে তিনি জানান, তিনি অভিযোগ পেয়েছেন। আগামী ২৩ এপ্রিল উভয় পক্ষকে নোটিশ দিয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে। কাগজপত্র দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.