
বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:
সারাদেশের ন্যায় টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল, ফুলকি ও হাবলা ইউনিয়নে আনুষ্ঠানিক ভাবে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকালে কাশিল কমিউনিটি ক্লিনিকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শার্লী হামিদ-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. আকলিমা বেগম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. আব্দুল হালিমসহ স্থানীয় স্বাস্থ্যকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাসাইল উপজেলায় এবারের হাম-রুবেলা ক্যাম্পেইনের আওতায় মোট ১৫ হাজার ৬১২ জন শিশুকে টিকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উদ্বোধনী দিনে উপজেলার ৩টি ইউনিয়নের বিভিন্ন টিকা কেন্দ্রে মোট ১ হাজার ১৫০ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ধাপে ধাপে পুরো উপজেলায় এ কার্যক্রম পরিচালিত হবে এবং শতভাগ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যেই এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
টিকাদান কার্যক্রম সফল করতে সংশ্লিষ্ট ইউনিয়নের অভিভাবকদের নিজ নিজ শিশুদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক