
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জে মসলা ফসলের উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক কৃষি প্রযুক্তি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে কৃষক প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) দুপুর ১২টায় শিবগঞ্জ মসলা গবেষণা কেন্দ্রে বাংলাদেশ মসলা গবেষণা ইনস্টিটিউট (বিআরআই) আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
ধান গবেষণা ইনস্টিটিউটের পরিচালক মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষকদের অর্থনৈতিক স্বচ্ছলতা অর্জনের জন্য মসলাজাত ফসলের উৎপাদন বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, গবেষণালব্ধ উন্নত জাত ও আধুনিক প্রযুক্তি মাঠপর্যায়ে পৌঁছে দেওয়া গেলে কৃষক যেমন লাভবান হবে, তেমনি আমদানি নির্ভরতা কমে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।
তিনি কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান এবং বলেন, কৃষিকে আধুনিক ও লাভজনক খাতে রূপান্তর করাই বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।
প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের কৃষকদের ভাগ্যোন্নয়ন ও কৃষি খাতকে শক্তিশালী করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষকের মুখে হাসি ফোটানোই টেকসই উন্নয়নের প্রধান সূচক বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে ১৬৭ জন কৃষকের মাঝে জনপ্রতি ৪,৫০০ টাকা নগদ সহায়তা, কৃষি উপকরণ এবং একটি করে বৃক্ষ বিতরণ করা হয়।
এসময় আরডিএ, বগুড়ার মহাপরিচালক ড. আব্দুল মজিদ প্রামানিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, গবেষক, উপজেলা বিএনপি নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী মসলা গবেষণা কেন্দ্রে বৃক্ষরোপণ করেন।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা