হোম » সারাদেশ » কাউখালীতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন

কাউখালীতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলায় কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে দাসেরকাঠী দরগাবাড়ী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৫) সন্ধ্যায় উপজেলার দাসেরকাঠী এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুর, এমপি।
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উদ্যোগে ৭৭ লাখ টাকা ব্যয়ে উপজেলার দাসেরকাঠী এলাকার আলী শেখের বাড়ি থেকে মোতাহার মিয়ার বাড়ি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার খাল পুনঃখনন করা হবে। সংশ্লিষ্টরা আশা করছেন, এর ফলে এলাকার কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামানের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ মো. আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, সহ-সভাপতি মনিরুজ্জামান মিয়া, বিএনপি নেতা শফিউল আজম দুলাল, সাংগঠনিক সম্পাদক লিয়াকাত হোসেন তালুকদারসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমানে তদারকিতে  এ প্রকল্প বাস্তবায়ন করছেন।
স্থানীয় কৃষকরা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে যাওয়ায় চাষাবাদে ব্যাপক সমস্যা হচ্ছিল। পুনঃখননের ফলে সেচ ব্যবস্থার উন্নতি হবে এবং এক ফসলি জমিতে বহুমুখী ফসল চাষের সুযোগ সৃষ্টি হবে।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুর বলেন, দেশের স্বার্থে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় জরুরি। সরকারি বরাদ্দের পাশাপাশি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে খাল খনন ও রাস্তাঘাট উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, সরকারি অর্থ সঠিকভাবে ব্যয় নিশ্চিত করতে সবাইকে সতর্ক থাকতে হবে এবং কোনো ধরনের অপচয় রোধে জনগণকে সচেতন ভূমিকা পালন করতে হবে।
তিনি অপ্রয়োজনীয় যানবাহন ব্যবহার ও বিদ্যুৎ অপচয় থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সবাইকে দায়িত্বশীল হতে হবে।
অনুষ্ঠানের শেষে প্রতিমন্ত্রী নিজ হাতে খাল কেটে কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!