প্রিন্ট এর তারিখঃ জুলাই ২১, ২০২৬, ১০:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৫, ২০২৬, ৭:৪১ পি.এম
মোল্লাহাটে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ-১৪৩৩ উদযাপন

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় উপজেলা চত্বরে জাতীয় সঙ্গীত ও বৈশাখী গান ‘এসো হে বৈশাখ’ পরিবেশনের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়।
এ উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি থানা মসজিদ এলাকা হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা চত্বরে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে, যা উৎসবের আমেজকে আরও প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিজ সুমনা আইরিন, মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক, মোল্লাহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশিদ শিকদার, সাবেক সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী, সাবেক সদস্য সচিব জাহিদ মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মুরাদ হোসেন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মোল্লা মাসুদ আলম, ভারপ্রাপ্ত সদস্য সচিব লায়ন শেখ জিয়াউর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিএম মুস্তাফিজুর রহমান মোস্তাক, উপজেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি মোঃ রফিকুল ইসলাম রফিকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।
পরে উপজেলা চত্বরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় বাঙালি সংস্কৃতির নানা দিক তুলে ধরা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.