প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ২:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১১, ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ণ
নেশার টাকার জন্য মাকে কুপিয়ে রক্তাক্ত—গোয়ালন্দে ছেলের নির্মমতা, আটক অভিযুক্ত

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিঃ
রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম সরদার পাড়া এলাকায় নেশার টাকার জন্য নিজের মাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে গোবিন্দ ঘোষ (১৯) কে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে নেশাগ্রস্ত অবস্থায় গোবিন্দ ঘোষ তার ঘুমন্ত মা শিখা রানী (৪০)-এর ওপর ধারালো দা দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। এতে শিখা রানী মারাত্মকভাবে আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
তার চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখান থেকেও অবস্থার আরও অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তিনি সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গোবিন্দ ঘোষ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য প্রায়ই মায়ের সঙ্গে তার বিরোধ ও ঝগড়া হতো। ঘটনার সময় বাড়ির অন্য সদস্যরা তাকে ঘরের মধ্যে আটক রেখে গোয়ালন্দ ঘাট থানায় খবর দেয়।
খবর পেয়ে থানার এসআই মোহাম্মদ নাসির উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে একটি রক্তমাখা দা, বিছানায় পড়ে থাকা চুল এবং রক্তাক্ত চাদর জব্দ করেন। পরে অভিযুক্ত গোবিন্দ ঘোষকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
এ ঘটনাটি এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি করেছে। মাদকাসক্তির ভয়াবহতা আবারও সামনে নিয়ে এসেছে এই নির্মম ঘটনা।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.