প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৯:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২, ২০২৬, ৪:০৭ অপরাহ্ণ
হৃদয়ে আলফাডাঙ্গা স্বেচ্ছাসেবী সংগঠনের নবম বর্ষপূর্তি ও দশম বর্ষে পদার্পণ উদযাপন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার আর্তমানবতার সেবায় নিয়োজিত অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন ‘হৃদয়ে আলফাডাঙ্গা’-র নবম বর্ষপূর্তি ও দশম বর্ষে পদার্পণ অনুষ্ঠান অত্যন্ত আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলা সদরের জেলা পরিষদ ডাকবাংলো কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মী, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা সংগঠনটির গত নয় বছরের মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, "স্বেচ্ছাসেবী সংগঠন মানেই নিজের খেয়ে বনের মহিষ তাড়ানো। হৃদয়ে আলফাডাঙ্গার সদস্যরা গত নয় বছর ধরে যেভাবে নিজেদের সময়, শ্রম ও অর্থ ব্যয় করে নিঃস্বার্থভাবে জনগণের সেবা করে যাচ্ছে, তা সত্যিই অনুকরণীয়। সত্যিকারের সেবক এরাই যারা একটি ‘নান্দনিক আলফাডাঙ্গা’ গড়ার স্বপ্ন দেখে এবং তা বাস্তবায়নে কাজ করে।"
২০১৭ সালের ২ এপ্রিল আলফাডাঙ্গা উপজেলার একঝাঁক উদ্যোমী তরুণ ‘আমরাই গড়বো নান্দনিক আলফাডাঙ্গা’ স্লোগানকে সামনে রেখে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটির সদস্যরা তাদের পড়াশোনা ও কর্মজীবনের পাশাপাশি তারুণ্যদীপ্ত উদ্যমে বিভিন্ন জনহিতকর কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। তাদের এই অদম্য ইচ্ছাশক্তি ও একনিষ্ঠতা উপজেলাজুড়ে ব্যাপক সুনাম অর্জন করেছে।
দশম বর্ষে পদার্পণ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে আগামীতে সেবামূলক কাজ আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.