প্রিন্ট এর তারিখঃ জুন ৬, ২০২৬, ১২:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩০, ২০২৬, ৫:৩৮ অপরাহ্ণ
ধুনটে ককটেল হামলা ও অগ্নিসংযোগ মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

এম,এ রাশেদ,বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির মিছিলে ককটেল হামলা ও ব্যানারে অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা মামলায় যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সুলতান নাছিম (২৯) উপজেলার পেচিবাড়ি গ্রামের বাসিন্দা এবং চৌকিবাড়ি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার (২৯ মার্চ) রাতে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরদিন সোমবার (৩০ মার্চ) দুপুরে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলার বিবরণে উল্লেখ করা হয়, ২০১৮ সালের ২১ ডিসেম্বর বিএনপির নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল শেষে পথসভা করছিলেন। এ সময় প্রতিপক্ষের একদল নেতাকর্মী সংঘবদ্ধ হয়ে সেখানে ককটেল নিক্ষেপ ও ব্যানারে অগ্নিসংযোগ করে বলে অভিযোগ ওঠে। ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষের মধ্যে ভীতির সঞ্চার হয়। ঘটনার দীর্ঘ সময় পর, ২০২৪ সালের ১৭ অক্টোবর উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুন-নবী তালুকদার বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় আওয়ামী লীগের নেতাকর্মীসহ ৬ জন শিক্ষক এবং মোট ৮১ জনকে আসামি করা হয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি ঘটনাটির বিষয়ে আরও তদন্ত চলছে বলে তিনি উল্লেখ করেন। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ ঘটনাকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.