প্রিন্ট এর তারিখঃ জুন ৬, ২০২৬, ১:০১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩০, ২০২৬, ৪:৪৬ অপরাহ্ণ
অপহরণ মামলার প্রধান পলাতক আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

এম, এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২, সিপিএসসি বগুড়া এবং র্যাব-১, সিপিসি-২, উত্তরা, ঢাকা-এর যৌথ অভিযানে অপহরণ মামলার এজাহারনামীয় ০১নং পলাতক আসামি মোঃ হৃদয় (২০)-কে টঙ্গী পূর্ব থানা-এর চেরাগ আলী বিদ্যুৎ অফিস এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। একই সাথে অপহৃত ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংঘবদ্ধ অপরাধ, ছিনতাই, মাদক ব্যবসা, হত্যা, পাচার ও অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামিদের গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম (১৩) বগুড়া শহরের একটি মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। একই গ্রামের বাসিন্দা মোঃ হৃদয় (২০) দীর্ঘদিন ধরে ভিকটিমকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ২:৩৭ মিনিটে ভিকটিম বাসার সামনে বের হলে পূর্বপরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা আসামি ও তার সহযোগীরা তাকে জোরপূর্বক অপহরণ করে একটি সিএনজি যোগে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে বগুড়া সদর থানা-এ একটি অপহরণ মামলা দায়ের করেন। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ জানতে পারে যে, মামলার প্রধান পলাতক আসামি গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানার চেরাগ আলী এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-১২-এর অধিনায়কের দিকনির্দেশনায় ২৯ মার্চ ২০২৬ রাত আনুমানিক ১১:৩০ মিনিটে র্যাব-১২ (সিপিএসসি বগুড়া) এবং র্যাব-১ (সিপিসি-২, উত্তরা)-এর যৌথ আভিযানিক দল টঙ্গী পূর্ব থানাধীন চেরাগ আলী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে এম আর টেলিকম দোকানের সামনে থেকে এজাহারনামীয় পলাতক আসামি মোঃ হৃদয়কে গ্রেফতার করা হয় এবং ভিকটিমকে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও জোরদার করা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ তৎপরতা বাংলাদেশকে একটি অপরাধমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.