
রবিউল হাসান লায়ন: জামালপুর সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুইজনকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, “মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়” নীতিকে সামনে রেখে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর অধিনায়ক হাসানুর রহমান, বিজিওএম, পিএসসি’র সার্বিক দিকনির্দেশনায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, শুক্রবার (২৭ মার্চ) ভোর আনুমানিক ৬টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাবাজার বিওপি একটি অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ১০৬৫/২-এস থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফুলবাড়ী এলাকা থেকে ৬২ বোতল ভারতীয় মদ, দুটি মোবাইল ফোন, একটি হাতঘড়ি এবং নগদ ১ হাজার ৪৩০ টাকাসহ দুইজনকে আটক করা হয়।
আটকরা হলেন— কুড়িগ্রামের রৌমারী উপজেলার রতনপুর গ্রামের মো. মনিরুজ্জামান (৩২) ও মো. শাহীন (২৭)। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে জব্দকৃত মালামালসহ রৌমারী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এর আগে একইদিন রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে পাথরেরচর বিওপি পৃথক অভিযানে সীমান্ত পিলার ১০৭৬/৬-এস সংলগ্ন পূর্ব-পাথরেরচর এলাকা থেকে আসামীবিহীন ৮৩ বোতল ভারতীয় মদ জব্দ করে। জব্দকৃত মদ দেওয়ানগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা করার প্রক্রিয়া চলছে।
এছাড়া রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে গয়টাপাড়া বিওপি আরেকটি অভিযানে সীমান্ত পিলার ১০৬০/১৪-টি সংলগ্ন নতুন শৈলমারী এলাকা থেকে মালিকবিহীন ৪৪০ পিস ভারতীয় কসমেটিকস ও ১৪৪ পিস চকলেট বোম্ব জব্দ করে। এসব চোরাচালান পণ্য রৌমারী কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি জানায়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তারা নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।