হোম » সারাদেশ » জামালপুরে চোর সন্দেহে সন্তানকে না পেয়ে সালিশে বাবা-মাকে মারধর, অপমানে মায়ের আত্নহত্যা

জামালপুরে চোর সন্দেহে সন্তানকে না পেয়ে সালিশে বাবা-মাকে মারধর, অপমানে মায়ের আত্নহত্যা

জামালপুর প্রতিনিধি

জামালপুরে গরু চোর সন্দেহে এক যুবককে ধরতে গিয়ে না পেয়ে তার বাবা-মাকে তুলে নিয়ে সালিশিতে মারধরের অভিযোগ উঠেছে। ওই ঘটনার অপমান ও নির্যাতন সইতে না পেরে জোসনা বানু নামে এক নারী আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সদরের কেন্দুয়া ইউনিয়নের খলিলহাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মধ্যবয়সী জোসনা বানু ওই এলাকার সুরুজ্জামানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ২টার দিকে খলিলহাটা এলাকার পুলিশ সদস্য নায়েব আলীর বাড়িতে গরু চুরির চেষ্টা করে কয়েকজন। এ ঘটনার পর রাত প্রায় ৩ টার দিকে প্রতিবেশী সুরুজ্জামানের বাড়িতে গিয়ে তার ছেলে সুজন মিয়াকে চোর সন্দেহে ধরতে যান স্থানীয় ইউপি সদস্য মোঃ নায়েব আলীর নেতৃত্বে কয়েকজন। তবে সুজনকে না পেয়ে তার বাবা সুরুজ্জামান ও মা জোসনা বানুকে তুলে নিয়ে যায় পুলিশ সদস্য নায়েব আলীর বাড়িতে। পরে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বিষয়টি নিয়ে সালিশ বসে। সালিশে ওই এলাকার আরও দুইজন তোতা মিয়া ও সোহেল রানাকে চোর সন্দেহে ধরে মারধর করা হয়। একইসাথে তাদের পরিবারের সদস্যদেরও মারধর করা হয়। পরে জোসনা বানু বাড়ি ফিরে আত্মহত্যা করেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ইউপি সদস্য নায়েব আলী।

সদর থানার এসআই খায়রুজ্জামান সাংবাদিকদের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত ও আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!