হোম » সারাদেশ » বীরদের নাম স্বর্ণাক্ষরে লিখে রাখতে ঐক্যবদ্ধ হতে হবে: এমপি ইলিয়াস 

বীরদের নাম স্বর্ণাক্ষরে লিখে রাখতে ঐক্যবদ্ধ হতে হবে: এমপি ইলিয়াস 

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. ইলিয়াস মোল্লা বলেছেন, “আমরা যদি সবাই ঐক্যবদ্ধভাবে চেষ্টা করি, তবে যাদের মাধ্যমে এই দেশ অর্জিত হয়েছে, তাদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখে রাখতে পারব। আমরা বীরদের হৃদয়ে, মননে ও চিন্তায় আজীবন স্থান দিতে চাই।”
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বক্তব্যের শুরুতেই বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে ড. ইলিয়াস মোল্লা বলেন, “যাদের ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন দেশ, জমিন, পতাকা ও মানচিত্র পেলাম, তাদেরকে যতটুকু সম্মান দেওয়া দরকার ছিল, আমরা তা দিতে পারিনি। আমি যে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতাম, সেখানে নিজের চোখে এই সূর্য সন্তানদের রিকশা চালাতে দেখেছি—যা অত্যন্ত হৃদয়বিদারক।”
​বর্তমানে মুক্তিযোদ্ধাদের মধ্যে রাজনৈতিক বা সামাজিক বিভাজন নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংসদ সদস্য বলেন, “মুক্তিযুদ্ধের সময় কি আপনাদের মধ্যে কোনো ভাগাভাগি ছিল? আজ যখন দেখি মুক্তিযোদ্ধাদের ভেতর ডিভিশন বা বিভাজন হয়, তখন ভীষণ কষ্ট লাগে। আমরা তো এমন দেশ চাইনি।”
​তিনি উপস্থিত সবার উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, “জীবন বাজি রেখে যখন আপনারা যুদ্ধে গিয়েছিলেন, তখন আপনাদের যে স্বপ্ন ছিল—তা কি পুরোপুরি পূরণ হয়েছে? মানুষের কথা বলার মৌলিক অধিকার কিংবা খেটে খাওয়া মানুষের অধিকার কি আমরা পুরোপুরি নিশ্চিত করতে পেরেছি?”
তিনি মুক্তিযোদ্ধাদের সেই কাঙ্ক্ষিত বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ওপর গুরুত্বারোপ করেন এবং বীর মুক্তিযোদ্ধাদের আগামী প্রজন্মের অনুপ্রেরণা হিসেবে কাজ করার আহ্বান জানান।
​আলফাডাঙ্গা উপজেলা পরিষদ মাল্টিপারপাস অডিটোরিয়ামে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত নূর মৌসুমী।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আতিয়ার রহমান প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বীর মুক্তিযোদ্ধা, শহিদ পরিবারের সদস্য, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!