হোম » সারাদেশ » গোয়ালন্দে ধানক্ষেতে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের

গোয়ালন্দে ধানক্ষেতে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাহা বেপারী পাড়া এলাকায় ধানক্ষেত থেকে রবি (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১০টার দিকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের নাম রবি। তবে তার পূর্ণাঙ্গ পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিনি দৌলতদিয়া যৌনপল্লীতে জন্মগ্রহণ করেছিলেন বলে এলাকাবাসীর ধারণা। সোমবার (২৩ মার্চ) দিবাগত রাতে ধানক্ষেতে সেচ দেওয়ার মোটরের বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, খবর পেয়ে সকালেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন শেষে লাশটি ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!