
রবিউল হাসান লায়ন, জামালপুর
জামালপুরের ইসলামপুরে চাঁদা না পেয়ে এক পৌর কাউন্সিলরের বসতবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। একইসাথে অভিযোগ উঠেছে ভুক্তভোগীদের মারধর ও নারীর শ্লীলতাহানির। এ ঘটনায় বিএনপি ও ছাত্রদলের তিন নেতাসহ ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করে ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নাজমা বেগম।
অভিযোগ সূত্রে জানা যায়, ইসলামপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সামিউল হক ও তার স্ত্রী নাজমা বেগমের সঙ্গে উপজেলা ছাত্রদলের সাবেক নেতা আব্দুর রাজ্জাকের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে অভিযুক্তরা কাউন্সিলরের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবি অনুযায়ী টাকা না পেয়ে গত ২৩ মার্চ গভীর রাতে দেশীয় অস্ত্র নিয়ে একদল লোক তাদের বাড়িতে হামলা চালায়।
ভুক্তভোগীর দাবি, হামলাকারীরা বাড়িতে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং পরিবারের সদস্যদের মারধর করে। এ সময় তার ভাতিজার স্ত্রী মনিরা বেগমকে মারধর ও শ্লীলতাহানির করে অভিযুক্তরা। এছাড়া নাজমা বেগমের গলায় থাকা প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তার ননদ শরিফা বেগমও হামলায় আহত হন।
অভিযোগে আরও বলা হয়, সাম্প্রতিক সময়গুলোতে অভিযুক্তরা এলাকায় চাঁদাবাজি ও সহিংস কর্মকাণ্ডে জড়িত। তবে এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ঘটনার সময় স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে এলাকা ত্যাগ করে। পরে আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় ইসলামপুর উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো. হাসমত, পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো. হাসান, ছাত্রদলের সাবেক নেতা আব্দুর রাজ্জাক, যুবদলের যুগ্ম আহ্বায়ক আলী নূর ইসলামসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী কাউন্সিলর সামিউল হক জানান, ২০২৪ সালের ৫ আগস্ট হাসিনা সরকার পতনের পর অভিযুক্তরা আমার এলাকায় এসে আমার মাকে মারধর করে। আমার মাকে আহতাবস্থায় প্রথমে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এরপর জামালপুর জেনারেল হাসপাতাল এবং পরবর্তীতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করি। সেসময় আমি থানায় অভিযোগ পর্যন্ত করতে পারি নাই। এরআগেও আমার কাছ থেকে পর্যাক্রমে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা নেয় অভিযুক্তরা। এরপর তারা পুনরায় ৫ লাখ টাকা চাঁদা দাবি করে এবং চাঁদা না পেয়ে আমার বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট করা সহ বাড়িতে অবস্থানরত নারীদের মারধর ও শ্লীলতাহানি করে।
এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য জানার জন্য চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম গাজী জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল