
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. ইলিয়াস মোল্যা আলফাডাঙ্গা পৌরসভার মৎস্যজীবী নেতৃবৃন্দের সঙ্গে এক সৌজন্য মতবিনিময় সভা করেছেন।
সোমবার (২৩ মার্চ) সকালে পৌর এলাকার বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী মনোরঞ্জন সরকারের ব্যবসায়িক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় মৎস্যজীবী নেতৃবৃন্দ তাদের পেশাগত বিভিন্ন সমস্যা ও স্থানীয় মৎস্য চাষের সম্ভাবনার কথা তুলে ধরেন। এসময় সংসদ সদস্য ড. ইলিয়াস মোল্যা তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং মৎস্য খাতের আধুনিকায়ন ও মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
সভাটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশিষ্ট সমাজসেবক মুন্সি বিল্লাল হোসেন। তার দক্ষ ব্যবস্থাপনায় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মৎস্যজীবী সমবায় সমিতির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
উপস্থিত মৎস্যজীবী নেতারা বলেন, সংসদ সদস্য সরাসরি তাদের মাঝে এসে খোঁজখবর নেওয়ায় তারা অনুপ্রাণিত। তারা আশা প্রকাশ করেন, মৎস্য ব্যবসায়ীদের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে প্রশাসন ও জনপ্রতিনিধিরা কার্যকর ভূমিকা রাখবেন।