প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৫:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৫, ২০২৬, ৫:৫২ অপরাহ্ণ
ভোররাতে দৌলতদিয়ায় বিশেষ অভিযান চোরাই বৈদ্যুতিক মালামাল উদ্ধার

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিঃ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বিদ্যুতের লাইনের সরঞ্জাম চুরির সময় পুলিশের বিশেষ অভিযানে মোঃ মহসিন খাঁ (৩০) নামে এক যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে বৈদ্যুতিক লাইনের বিভিন্ন চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে।
রবিবার (১৫ মার্চ) ভোররাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে গোয়ালন্দঘাট থানার এসআই (নিঃ) মোঃ সেলিম মোল্যার নেতৃত্বে দৌলতদিয়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৪ নম্বর ওয়ার্ডের কিয়াম উদ্দিন মোল্লা পাড়া এলাকায় হাইওয়ে সড়কের পাশে গোয়ালন্দ সাব-জোনাল অফিসের আওতাধীন পল্লী বিদ্যুতের একটি পাকা খুঁটি থেকে বৈদ্যুতিক সরঞ্জাম চুরির সময় মহসিন খাঁকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিদ্যুৎ লাইনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ মহসিন খাঁ রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তেলিগাতী গ্রামের মৃত ওসমান খাঁর ছেলে।
গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুমিনুল ইসলাম জানান, “আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।”
স্থানীয়রা জানান, বিদ্যুতের লাইনের সরঞ্জাম চুরি হলে বিদ্যুৎ সরবরাহে মারাত্মক বিঘ্ন ঘটে এবং সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। এ ধরনের অপরাধ রোধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকলে পরিস্থিতির উন্নতি হবে বলে তারা আশা প্রকাশ করেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.