
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁ ওয়ের হরিপুর উপজেলার মেদনিসাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ার অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দীনসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া এ ঘটনায় আরও প্রায় ৩৫ থেকে ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
গতকাল শুক্রবার রাতে কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুন অর রশিদ বাদী হয়ে হরিপুর থানায় মামলাটি দায়ের করেন। বিষয়টি শনিবার দুপুরে নিশ্চিত করেছেন হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, কলেজটিতে চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার কার্যক্রম চলাকালে একদল ব্যক্তি হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করে হট্টগোল সৃষ্টি করে। এ সময় তারা পরীক্ষার খাতা ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ মামলাটি গ্রহণ করে। মামলায় উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দীনসহ মোট ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও প্রায় ৩৫ থেকে ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দীন বলেন, তারা কোনো মব তৈরি করতে যাননি। তার দাবি, অবৈধভাবে ও মোটা অঙ্কের টাকার বিনিময়ে ছুটির দিনে নিয়োগ প্রক্রিয়া চালানো হচ্ছিল। এ কারণে তারা সেখানে প্রতিবাদ জানাতে গিয়েছিলেন।
হরিপুর থানার ওসি তদন্ত শরীফুল ইসলাম বলেন, নিয়োগ পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ার ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল