প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৫:০২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১০, ২০২৬, ৩:২৩ অপরাহ্ণ
বিয়ে না দেওয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যা

মোঃ হাসান আলী, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি: বিয়ে না দেওয়ার অভিমান করে ফেসবুকে "দেখা হবে হাসরের ময়দানে" লিখে একটি পোস্ট দিয়ে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মুক্তারুল ইসলাম (২৫) নামে এক যুবক ইঁদুর মারা গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে।
সোমবার (০৯ মার্চ) রাতে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে মারা যায় মুক্তারুল ইসলাম। এর আগে উপজেলার ভানোর ইউনিয়নের করিয়া গ্রামের নিজ বাড়ীতে ইঁদুর মারা গ্যাস ট্যাবলেট খায়। নিহত মুক্তারুল ইসলাম করিয়া গ্রামের আজগর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মুক্তারুল ইসলামের। ওই মেয়েটিকে বিয়ে করার জন্য তিনি পরিবারকে বারবার অনুরোধ করেন। তবে পরিবার তাকে আগে কোনো কাজ বা উপার্জনের ব্যবস্থা করার পর বিয়ে করার পরামর্শ দেয়। এ নিয়ে পরিবার ও তার মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়।
সোমবার রাতে তার দুলাভাই তাকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু কোনো কথা না শুনে মুক্তারুল ইসলাম তার ফেসবুক প্রোফাইলে “দেখা হবে হাসরের ময়দানে” লিখে একটি পোস্ট দেন। এরপর তিনি ইঁদুর মারা গ্যাস ট্যাবলেট সেবন করেন।পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.